ASANSOLRANIGANJ-JAMURIA

পুজোর মুখেই প্রাকৃতিক দুর্যোগ, ক্ষতিগ্রস্ত চার বাড়ি, জামুড়িয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় দুই পরিবারের

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুজোর আবহের মধ্যেই আচমকা প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হল চারটি বাড়ি। কোথাও উড়ে গেল টিনের ছাউনি, কোথাও ভেঙে পড়ল টালির চাল। একটি বাড়ির উপর বিশাল গাছ উপড়ে পড়ায় মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে নথিপত্র ও আসবাবপত্র। পরিস্থিতির কারণে দুটি পরিবারকে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অস্থায়ী আশ্রয় নিতে হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার বাগডিহা গ্রামের বাউরিপাড়ায়।

জানা গেছে , বুধবার সন্ধ্যার পরে আসানসোলের জামুড়িয়ায় আচমকাই শুরু হয় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। কিছুক্ষণের মধ্যেই চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি বাড়ির টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে যায়। ঐ বাড়ির বাসিন্দারা কোনমতে বাইরে চলে আসে। পরে স্থানীয়রা ঐ পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যান।

বাকি দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনের পাশাপাশি পরিবারগুলির হাতে শুকনো খাবার, জামাকাপড় ও রান্নার সামগ্রী সহ প্রাথমিক ত্রাণ তুলে দেওয়া হয়।ক্ষতিগ্রস্ত বাড়ির কর্তা দিলীপ বাউরি ও রেখা বাউরি বলেন, আচমকাই ঘরের ভিতরে জল পড়তে শুরু করে।

পরে আমরা দেখি, বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। মাটির দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। কোনওক্রমে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আমরা।এই প্রসঙ্গে ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আপাতত আইসিডিএস কেন্দ্রে রয়েছে। তাদের বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু করা হবে।

এদিকে, খবর পেয়ে বুধবার রাতেই এলাকায় পৌঁছান জেলা বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।এই দুর্যোগের পর থেকেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা এখন দ্রুত মাথা গোঁজার ঠাঁই ও প্রশাসনিক সহযোগিতার অপেক্ষা রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *