Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

আসানসোলে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ধৃত বেড়ে ৩১ এলাকায় মাইকিং, ক্ষতিপূরণ আদায়ে নোটিশ

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। গত ১৫ মে ঘটা এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরো কয়েকজনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মঙ্গলবার আসানসোলের রেলপারে জাহাঙ্গির মহল্লা ফাঁড়ি এলাকায় মাইকিং করে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ফাঁড়িতে ভাঙচুরে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এই সংক্রান্ত একটি নোটিশ এলাকায় লাগানো রয়েছে।

তাতে বলা হয়েছে, এই ঘটনা সম্পর্কে কেউ যদি কিছু জানে, তাহলে তা জানানো হয়। এদিন এলাকায় উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।এই প্রসঙ্গে এদিন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, ১৫ মে জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে হওয়া ভাঙচুর ও অশান্তির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজন সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুযায়ী সরকারি সম্পত্তির ক্ষতি যারা করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ কমিশনার এদিন স্পষ্ট জানান।প্রসঙ্গতঃ, মসজিদে মাইক বিধি কার্যকর করা নিয়ে গত ১৫ মে রাতে উন্মত্ত জনতা জাহাঙ্গির মহল্লা ফাঁড়িতে হামলা চালায়। গোটা ফাঁড়িতে ভাঙচুর করা হয়। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *