অ্যাকশন মোডে বিজেপি বিধায়ক আসানসোলের হাইড্রেন পরিদর্শন, জল জমা আটকাতে দ্রুত সাফাইয়ের নির্দেশ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বর্ষাকাল সামনে রেখে আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় শহরের বিভিন্ন নালা ও হাইড্রেনের জলনিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করেন। বৃহস্পতিবার তিনি সেনরেল রোডের রেলের পাঁচমুখী সেতু সংলগ্ন ড্রেন ও এলআইসি অফিসের কাছে এ.জি. চার্চ স্কুলের পাশের জলনিকাশি ব্যবস্থার খোঁজখবর নেন।পরিদর্শনের সময় বিধায়ক দেখতে পান, একাধিক স্থানে ড্রেনের মধ্যে আবর্জনা ও পলি জমে থাকায় জল প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।













বিশেষ করে এ.জি. চার্চ স্কুলের পাশের ড্রেনটি দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় প্রায় বন্ধ হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই নোংরা জল রাস্তায় উপচে পড়ে। যে কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুলের পড়ুয়াদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়।কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বর্ষা শুরুর আগেই শহরের সমস্ত গুরুত্বপূর্ণ নালা ও ড্রেনের ব্যাপক সাফাই অভিযান চালানো হবে। আমাদের লক্ষ্য, বৃষ্টির সময় যাতে ড্রেনের নোংরা জল রাস্তাঘাট কিংবা মানুষের বাড়িঘরে ঢুকে না পড়ে। সাধারণ মানুষকে জলজমা ও নোংরা পরিবেশের দুর্ভোগ পোহাতে না হয়।

এই বিষয়ে আসানসোল পুরনিগমকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সাফাইয়ের কাজ পুরোদমে চলছে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত সাফাইয়ের কাজ সম্পন্ন করে জলনিকাশি ব্যবস্থাকে কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি বর্ষাকালে শহরের কোনও এলাকায় যাতে জলজমার পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, বর্ষার আগে শুধু নয়, সারা বছর নিয়মিত নালা-ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক, যাতে জলনিকাশি ব্যবস্থা সচল থাকে এবং সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন না হন।


