ASANSOLPANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে জনবসতি এলাকায় আবারও ধস, আতঙ্ক ইসিএল কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

*বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাতভর মুষলধারের বৃষ্টির পর পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুরের ৭/৯ পিটে পুরনো খনি চানকের কাছে মণ্ডলপাড়া এলাকায় আবার ধসের ঘটনা ঘটলো। ঘন জনবসতি এলাকায় নতুন করে ধস নামায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই ধসের রাস্তার মাটি বসে যাওয়ায় বিশালাকার গর্ত হয়। এই ঘটনায় ইসিএল কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা। সকালে খবর পেয়ে এলাকায় আসে ইসিএলের আধিকারিক ও পুলিশ। টানা বৃষ্টির জেরে বুধবার ভোরবেলা মাটি ধসে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

জানা গেছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ৭/৯ পিটের পাশে মাটি ধসে যাওয়ার ঘটনাটি। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টির কারণে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।এদিকে, এই ধস প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার নেতা রবীন্দ্র যাদব বলেন, ২০১৮ সালেও এই এলাকায় আগুন লাগার বড় ঘটনা ঘটেছিল। হয়েছিলো ধসও। সেই সময় ইসিএল কতৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল।

কিন্তু তাঁর অভিযোগ, এরপরেও এলাকায় নিরাপত্তার জন্য কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের পুরো গাফলতি রয়েছে। রবীন্দ্র যাদব আরো বলেন, বুধবার সকালে এক মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভাগ্য ভালো থাকায় তিনি ধসের কবল থেকে অল্পের জন্য রক্ষা পান। তাঁর দাবি, ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, টানা বৃষ্টির কারণে এলাকার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। পুরনো খনি এলাকার আশপাশে ধসের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয়দের আরো দাবি, প্রশাসন ও ইসিএল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখুক এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করুক।

এই প্রসঙ্গে ইসিএলের আধিকারিক তারকেশ্বর সিং বলেন, এলাকায় একটা পুরনো খনি চানক রয়েছে। সেই জন্য ধসের ঘটনা। এলাকার বাসিন্দাদের অভিযোগ নিয়ে তিনি বলেন, ইসিএলের এতে কোন গাফিলতি নেই৷ কতৃপক্ষ সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *