রানিগঞ্জে গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান,হামলা, হুমকি সহ একাধিক অভিযোগ
বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মন্ডলকে বুধবার রাতে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর, হুমকি দেওয়া ও নির্বাচন সহ বিভিন্ন সময়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বালি পাচারের অভিযোগ, সহ পঞ্চায়েতের বিভিন্ন টাকা তছরুপের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, নির্বাচনের সময় রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতা ও কর্মীদের নানান ভাবে হুমকি দেওয়া তাদের ওপর হামলা চালানোর সঙ্গে যুক্ত ছিল এই সিধান মন্ডল বলে দাবি বিজেপির আসানসোল দক্ষিণ গ্রামীণ অঞ্চলের মন্ডল সভাপতি পরিমল মাজির।













তার দাবি, তৃণমূলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অন্যায় অবিচার অত্যাচার ও লুটপাট চালিয়েছে তার অভিযোগ দিকে দিকে জমা পড়ছে। এর ফলে বড় রাঘববোয়াল থেকে শুরু করে ছোট নেতা সকলেই পুলিশের জালে ধরা পড়ছে। তিনি বলেন, যে হারে গ্রেফতারের ঘটনা ঘটছে, তাতে দেখা যাবে একটা সময় ব্রিগেড গ্রাউন্ড ভরে যাবে। যদিও যার বিরুদ্ধে এই সকল অভিযোগ সেই সিদান মণ্ডল অবশ্য তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার সকালে আসানসোল আদালতে নিয়ে যাওয়ার সময় রানিগঞ্জ থানা চত্বরে তিনি বলেন, অযথা মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আমাকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে হেনস্তা করা হচ্ছে, সেখানে আমার মতো প্রধান ও উপপ্রধানদের এই অবস্থা তো হবেই। তিনি আরো বলেন, আইনের সাহায্যে এর মোকাবিলা করবো।পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।



