ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস বিধায়কের

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াবস্তি, সারধাপালি, গান্ধীনগর, ঘাটাল এবং বি-ব্লক এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যা রয়েছে । রবিবার এই সমস্যা নিয়ে বিধায়ক অরিজিৎ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এলাকার বাসিন্দারা। সেই সময় মহিলারা তাদের এলাকার তীব্র জলসংকটের কথা বিধায়কের কাছে তুলে ধরেন। গ্রামবাসীদের বক্তব্য শোনার পর বিধায়ক বলেন, আমি ইতিমধ্যেই জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।

খুব শীঘ্রই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।বিধায়ক অরিজিৎ রায় আরো বলেন, স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে সারধাপালি এলাকার মাঝিপাড়ায় একটি সাবমারসিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ওই এলাকার বহু পরিবার পানীয় জলের সমস্যার থেকে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।তিনি আরো বলেন, জলসংকট শুধু এই কয়েকটি এলাকায় সীমাবদ্ধ নয়, বরং বারাবনি বিধানসভার বিভিন্ন অংশেই একই ধরনের সমস্যা রয়েছে।

এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। খুব শীঘ্রই সাধারণ মানুষ এর সুফল পাবেন বলে তিনি আশ্বাস দেন।বিধায়কের এই আশ্বাসের পর গ্রামবাসীরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান হবে বলেই তারা প্রত্যাশা করছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *