বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় “৩৯ তম স্বর্গীয় এন আর দত্ত ও শিব দাস ঠাকুর মেমোরিয়াল আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬” শুরু
বেঙ্গল মিরর, বার্নপুর : বার্নপুর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আজ সোমবার (২২-০৬-২০২৬) থেকে “৩৯তম স্বর্গীয় এন আর দত্ত ও শিব দাস ঠাকুর মেমোরিয়াল আন্তর্বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬” শুরু হলো বার্নপুর স্টেডিয়াম ময়দানে । আজ উদ্বোধনী ম্যাচে বার্নপুর বয়েস’ হাই স্কুল ও পাঁচগাছিয়া বিবেকানন্দ হাই স্কুল অংশ গ্রহণ করে । ক্লাবের সাধারণ সম্পাদক দেবর্ষি রায় আমাদের প্রতিনিধি কে জানান ঐতিহ্যবাহী এই ক্লাবের সারা বছর বিভিন্ন রকমের ক্রীড়া বিশেষত ফুটবল খেলা নিয়ে কর্মকাণ্ড হয়ে থাকে। প্রতি বছর বার্নপুর ও আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন স্হানের বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই টুর্নামেন্টটির আয়োজন করা হয় । এই বছর এই টুর্নামেন্টটির ৩৯তম সংস্করণ এবং মোট ৮টি বিদ্যালয়ের ফুটবল টীম এবার অংশগ্রহণ করেছে ।














নক্-আউট প্রথায় টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ আগামী ২৯-০৬-২০২৬ (সোমবার) বৈকাল ৩ ঘটিকায় হবে । এখন ফুটবল মরসুম তারপর আবার বিশ্বকাপ ফুটবল হওয়ায় শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমিক মানুষরা খুবই আপ্লুত এই বিদ্যালয়গুলির খেলা দেখার জন্য ।আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত ছিলেন বার্নপুর সেইল ইস্কো ইস্পাত কারখানার কার্যপালক নির্দেশক (মানব সংশাধন) ইউ পি সিং, মুখ্য মহাপ্রবন্ধক (মানব সংশাধন) তথা ক্লাবের সহ সভাপতি জীতেন্দ্র কুমার, ইস্কো ইস্পাত কারখানার মুখ্য মহাপ্রবন্ধক ( আরএমএইচপি ও সিন্টার) তথা ক্লাবের সহ সভাপতি সমীর দাস, কারখানার প্রাক্তন মুখ্য মহাপ্রবন্ধক (ব্যাপার উৎকর্ষতা) তথা ক্লাবের সহ সভাপতি এম ই শামসি ও আরও গণ্যমান্য আধিকারিকগণ । তাঁরা সকলে বার্নপুর ইউনাইটেড ক্লাবের কর্মকর্তাদের এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্যে ভূয়শী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান ।ইউ পি সিং, ‘কিক অফ’ করে এই টুর্নামেন্টের শুভারম্ভ করেন । আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঁচগাছিয়া বিবেকানন্দ হাই স্কুল ৫ – ০ গোলে বার্নপুর বয়েস’ হাই স্কুল কে পরাজিত করে ।


