অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে বিক্ষোভ মহিলাদের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে শনিবার দুর্গাপুরে মহকুমাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বহু মহিলা।বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নির্দেশ মেনে সময়মতো সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও অনলাইনে তাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে ‘বাতিল’ দেখানো হচ্ছে। কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা তাঁরা পাননি।সমস্যার সমাধানের আশায় মহিলারা মহকুমা শাসক দপ্তরে গেলে, সেখান থেকে তাঁদের জানানো হয় আগামী ১০ জুলাইয়ের পর আবার আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে।














এই উত্তরে ক্ষোভ আরো বাড়ে।বিক্ষোভকারীদের দাবি, বারবার দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না। যোগ্য আবেদনকারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত আবেদনগুলি পুনর্বিবেচনা করে প্রাপ্য আর্থিক সহায়তা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানান তাঁরা। দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরের তরফে অবশ্য এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


