রূপনারায়ণপুরে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন
*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়,* আসানসোলেরবারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়ির ঠিক পাশে হলো ‘বিধায়ক সেবা কেন্দ্র’। মঙ্গলবার এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অরিজিৎ রায়। এলাকার মানুষের পাশে দাঁড়াতে এবং তাঁদের অভাব-অভিযোগের সরাসরি সমাধান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।বিধায়ক অরিজিৎ রায় বলেন, এলাকার মানুষ তাঁদের যেকোনো সমস্যার কথা এখন থেকে সরাসরি এখানে এসে জানাতে পারবেন।














আমি খুব শীঘ্রই নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেব, কবে কবে আমি নিজে এখানে সাধারণ মানুষের মুখোমুখি হব। তবে আমি না থাকলেও আমাদের দলের নেতৃত্ব প্রতিদিন এখানে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, আগামী দিনে এলাকার সমস্ত ‘জনতার দরবার’ এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক আগের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি দাবি করেন, এখানে প্রচুর উন্নয়ন করার কাজ বাকি আছে।
কারণ আগের সরকার কোনো উন্নয়নই করেনি। শুধুমাত্র মানুষকে বোকা বানিয়েছে। এর পাশাপাশি তিনি যোগ করেন, বর্তমানে রাজ্যে ও কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন সরকার’ থাকার কারণে তাঁরা মানুষের কাছে দেওয়া উন্নয়নের সমস্ত প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ বিশ্বস্ত ও দায়বদ্ধ। এলাকার দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যাগুলো নিয়েও এদিন কথা বলেন বিধায়ক। তিনি বলেন, রূপনারায়ণপুর এলাকার অন্যতম প্রধান সমস্যা হলো একটি দমকল কেন্দ্রের অভাব।
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে এবং যত দ্রুত সম্ভব এর সমাধানের চেষ্টা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানেই বেশ কয়েকজন স্থানীয় মহিলা বিধায়কের কাছে এসে তাঁদের এলাকার বেহাল রাস্তার অভিযোগ জানান। বিধায়ক অরিজিৎ রায় মন দিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন।এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি চিন্ময় তেওয়ারী, বাবন মণ্ডল, অনুপ চৌহান, গোপাল রায়, দিবাকর পাল সহ এলাকার অন্যান্য দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এই সেবা কেন্দ্রটি চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।


