কুলটিতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা গাড়ির পেছনে বাইকের ধাক্কা, মৃত চালক
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ১৯ নম্বর জাতীয় সড়কে আবারও ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির দামাগড়িয়া রেলসেতুর সংলগ্ন আসানসোলগামী লেনে এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারেন। সেই ধাক্কায় মৃত্যু হয় চালকের। কুলটি থানার রাঁচি গ্রামের বাসিন্দা মৃত বাইক চালকের নাম মদন কেশরী (৫৩)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে কুলটির দিক থেকে আসানসোলের দিকে মোটরবাইকে যাচ্ছিলেন কুলটির রাঁচি গ্রামের বাসিন্দা মদন কেশরী। সেই সময় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির দামাগড়িয়া রেলসেতুর কাছে ১৯ নং জাতীয় সড়কে আচমকাই অনিয়ন্ত্রিত হয়ে সামনে থাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে বাইকটি।













ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন চালক। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।ঘটনার খবর পাওয়া মাত্রই চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে আশঙ্কা জনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, দূর্ঘটনার খবর মৃত মোটরবাইক চালকের পরিবারকে জানানো হয়েছে। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

