বৃষ্টির জেরে স্কুল চত্বরে ধস, আতঙ্কে বন্ধ পঠন, পাঠন
*বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর :* দুদিনের টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রামে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ধসের ঘটনা ঘিরে ছড়াল আতঙ্ক । বিদ্যালয়ের মিড ডে মিল রান্নাঘরের পাশেই মাটি বসে তৈরি হয়েছে বড় গর্ত । ঘটনায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপুরের ওই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫২৮ জন পড়ুয়া রয়েছে । নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ রাখা হয় ।বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালেও স্কুল চত্বরে ধসের ঘটনা ঘটেছিল ।














সেই সময় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ ছিল, ইসিএলের খনি কার্যকলাপের জেরেই বারবার ধসের ঘটনা ঘটছে। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নতুন করে নির্মাণের জন্য ইসিএলের কাছে আবেদন জানানো হয়েছিল । সংস্থার পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয় । তবে এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ।মঙ্গলবারের ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছন ইসিএলের আধিকারিকরা ।

আপাতত নিরাপত্তার স্বার্থে ধসের চারপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে । ঘটনাস্থলে উপস্থিত ইসিএলের এক আধিকারিক জানান, পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । বারবার ধসের ঘটনা ঘটলেও বিদ্যালয়টি এখনও অন্যত্র স্থানান্তরিত না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে । স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা ।






