কুলটিতে সার্ভিস রোডে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, জখম চালক ও খালাসি
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গী মোড়ের আসানসোল গামী সার্ভিস রোডে একটি পথ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে হওয়া এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসি আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ছটা নাগাদ গুয়াহাটি থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো কলাবোঝাই একটি ট্রাক। কুলটি থানার চৌরঙ্গী মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কের আসানসোলগামী সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে কলা বোঝাই ট্রাকটি। সেই ধাক্কার জেরে কলা বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক ও খালাসি গুরুতর আহত হন। তার মধ্যে কেবিনে চালক ও খালাসি বেশ কিছুক্ষণ আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও জাতীয় সড়কের পেট্রোলিং টিম পৌঁছায়। তারা দ্রুত আহতদের উদ্ধার করে।









পুলিশের অ্যাম্বুলেন্সে তাঁদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তা থেকে নিচে নেমে যায়। ঐ ট্রাকের চালক অল্পবিস্তর চোট পেলেও সুস্থ রয়েছেন বলে জানা গেছে।পরে ক্রেনের সাহায্যে দুটি ট্রাককে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।





