বাজারে নোংরা করলেই জরিমানা! আসানসোলে দোকানদারদের বিরুদ্ধে পুরনিগমের কড়া অভিযান
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পাবলিক প্লেসে যত্রতত্র আবর্জনা ফেলা, প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে রাখা এবং দোকানের সামনে থাকা ড্রেনে বর্জ্য ফেলার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল আসানসোল পুরনিগম। মঙ্গলবার আসানসোল বাজার এলাকায় বিশেষ সচেতনতা ও জরিমানা অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন আসানসোলের পুর কমিশনার দিলীপ মিশ্র। এদিন নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়।আসানসোল বাজার শহরের অন্যতম ব্যস্ত এলাকা।














প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকায় কেনাকাটা করতে আসেন। ফলে বাজার এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা পুরসভার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ, বেশ কিছু দোকানদার দোকানের সামনে থাকা ড্রেন বা নিকাশি নালায় পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট-সহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে দিচ্ছেন। এর ফলে ড্রেনের মুখ আটকে যাওয়ার পাশাপাশি নিকাশি ব্যবস্থায় সমস্যা তৈরি হচ্ছে এবং বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।এই পরিস্থিতিতে এদিন পুরনিগমের পক্ষ থেকে বাজারের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়।
পুর কমিশনার দিলীপ মিশ্রের উপস্থিতিতে পুরকর্মীরা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সচেতন করেন। দোকানের সামনে এবং পাবলিক প্লেসে কোনও ধরনের বর্জ্য না ফেলার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে প্লাস্টিকের ব্যবহার ও যেখানে-সেখানে বর্জ্য ডাম্প করার বিরুদ্ধেও সতর্ক করা হয়।শুধু সচেতন করেই থেমে থাকেনি পুরনিগম। অভিযানের সময় যারা নিয়ম ভঙ্গ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন, তাঁদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।
বেশ কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়েছে বলে জানা যায়। পুরনিগমের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, ভবিষ্যতেও একইভাবে নিয়ম ভাঙলে জরিমানার মুখে পড়তে হবে।পুর কমিশনার বলেন, এই অভিযানের মূল উদ্দেশ্য অবশ্য শুধুমাত্র জরিমানা আদায় নয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পুরনিগমের পক্ষ থেকে বলা হয়েছে, পুরকর্মীরা নিয়মিত বাজার পরিষ্কার করলেও নাগরিক ও ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া শহরকে দীর্ঘদিন পরিষ্কার রাখা সম্ভব নয়।তিনি আরো বলেন, বিশেষ করে দোকানদারদের উদ্দেশে বলা হয়, নিজেদের দোকানের বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। দোকানের সামনে থাকা ড্রেনকে কোনওভাবেই ডাস্টবিন হিসেবে ব্যবহার করা যাবে না।
প্লাস্টিক, পলিথিন বা অন্যান্য বর্জ্য ড্রেনে ফেলা হলে জল নিষ্কাশনের সমস্যা তৈরি হতে পারে। বর্ষার সময় সেই সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে।এদিন বাজার এলাকায় ঘুরে সাধারণ মানুষকেও সচেতন করা হয়েছে। পাবলিক প্লেসে ময়লা না ফেলা, প্লাস্টিক বর্জ্য না ছড়ানো এবং নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার জন্য আবেদন জানানো হয়।
পাশাপাশি নিয়ম না মানলে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়।পুর কমিশনার দিলীপ মিশ্র বলেন, প্রথমে সচেতন করা হবে, কিন্তু সচেতন করার পরও নিয়ম ভাঙলে আর কোনও ছাড় নয়।আসানসোল বাজারে এদিনের অভিযানে বেশ কয়েকজন দোকানদারকে জরিমানা করার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পুরনিগমের এই অভিযান আগামী দিনেও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হবে বলে জানা গেছে।পুরনিগমের বার্তা স্পষ্ট, আসানসোলকে পরিচ্ছন্ন রাখতে শুধু পুরসভার কর্মীদের উপর নির্ভর করলে হবে না, নাগরিক ও ব্যবসায়ীদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। পাবলিক প্লেস নোংরা করলে সচেতনতা যেমন থাকবে, তেমনই আইন ভঙ্গ করলে সরাসরি জরিমানাও করা হবে।প্রসঙ্গতঃ, এদিন থেকে রাজ্য জুড়ে নোংরা করলে, যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু ফেললে জরিমানা নেওয়ার নিয়ম চালু করা হয়েছে।


