Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পুজোর ভিড়ে শিশুদের জন্য অভিনব উদ্যোগ বরাকর ট্রাফিক গার্ড পুলিশের অভিভাবকের মোবাইল নম্বর লেখা রিবন পরানোর পরামর্শ

*বেঙ্গল মিরর, বরাকর ( কুলটি), রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুজোর ভিড়ে যাতে কোনও শিশু পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেই লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশের কুলটি থানার বরাকর ট্রাফিক গার্ড পুলিশ। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের নির্দেশে শুরু হয়েছে এই বিশেষ সচেতনতামূলক অভিযান। এর মাধ্যমে শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার বরাকর বাজারে এই অভিযান চালান বরাকর ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক। পরিবারের সঙ্গে বাজারে আসা শিশুদেরকে দেওয়া হচ্ছে বিশেষ রিবন। সেই রিবনে লিখে দেওয়া হচ্ছে শিশুটির অভিভাবকের মোবাইল নম্বর। ফলে ভিড়ের মধ্যে কোনও কারণে শিশু অভিভাবকের হাত ছাড়া হয়ে গেলে, তাকে খুঁজে পেতে এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সুবিধা হবে পুলিশের।এ প্রসঙ্গে বিনয় লায়েক বলেন, পুলিশ কমিশনারের নির্দেশেই এই উদ্যোগ শুরু হয়েছে।

পুজোর মরশুমে বরাকর বাজারে প্রচুর মানুষের সমাগম হয়। কেনাকাটা করতে এসে অনেক সময় ভিড়ের চাপে শিশুরা অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই শিশুদের গলায় অভিভাবকের মোবাইল নম্বর লেখা রিবন পরিয়ে দেওয়া হচ্ছে। কোনও শিশু হারিয়ে গেলে রিবনে লেখা নম্বরের মাধ্যমে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো ও ছটপুজোর সময়ও এই উদ্যোগ যথেষ্ট কার্যকর হবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ।

বিশেষ করে ভিড়ে ঠাসা বাজার, পুজোমণ্ডপ ও রাস্তায় শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।বরাকর ট্রাফিক গার্ড পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন মানবিক ও জনমুখী পদক্ষেপে খুশি অভিভাবকরাও। উৎসবের আনন্দে যাতে কোনও পরিবারকে সন্তান হারানোর আতঙ্কে পড়তে না হয়, সেই লক্ষ্যেই পুলিশের এই অভিনব উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *