আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালো টোটো অল্পের জন্য রক্ষা যাত্রীদের
*বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কাছে মঙ্গলবার একটি টোটো উল্টে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। টোটোটিতে চালক ছাড়াও এক শিশুকে নিয়ে তার বাবামা ছিলেন। আচমকাই টোটোটি উল্টে গেলেও সৌভাগ্যক্রমে যাত্রী ও চালক অল্পের জন্যে রক্ষা পান। বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কেউ গুরুতর আহত হননি।ঘটনার পর সেখানে থাকা আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টোটোতে থাকা যাত্রীদের নিরাপদে রাস্তার ধারে সরিয়ে দেন। প্রাথমিকভাবে সকলেই নিরাপদ থাকায় স্বস্তি ফেরে।













তবে এই ঘটনাকে কেন্দ্র করে শহরের রাস্তায় টোটো চালকদের দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালানো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার তাড়ায় অনেক সময় টোটো চালকরা আচমকা বাঁক নেওয়া, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করা এবং যানবাহনের মধ্যে দিয়ে দ্রুতগতিতে চলার মতো প্রবণতা দেখান। যার ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।মঙ্গলবারের ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আঘাত না হলেও, টোটোতে থাকা ছোট শিশু সহ যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের বক্তব্য, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টোটো চালকদের গতি ও ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়েও নিয়মিত নজরদারি জরুরি। কয়েক মিনিটের তাড়াহুড়ো যাতে কোনও পরিবারের জন্য আজীবনের বিপদ ডেকে না আনে, সেদিকে পুলিশ প্রশাসনের আরো কড়া নজরদারির দাবি উঠেছে।

