ASANSOL

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভ বাসিন্দাদের

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নগর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বীরভানপুর নামো মাঠ এলাকা। শুধু রাস্তা কিংবা বাড়ির উঠোন নয়, একাধিক বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে জল। রাতভর বৃষ্টির পর সকাল হতেই কার্যত দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়েন এলাকার বাসিন্দারা। জলমগ্ন রাস্তায় যাতায়াতেও চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বাড়ির ভিতরে জল ঢুকে পড়ায় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভানপুর নামো মাঠ এলাকার পাশ দিয়ে একটি ক্যানেল চলে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির পর ক্যানেলের জল উপচে পড়ার পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থাও ঠিকমতো কাজ করছে না। ফলে জমা জল দ্রুত বেরোতে পারছে না।

সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার অভিযোগ রয়েছে এলাকাটিতে।স্থানীয় বাসিন্দাদের দাবি, এবারের জলমগ্নতার ঘটনা নতুন নয়। ২০০৯ সাল থেকেই বর্ষা এলেই একই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বছরের পর বছর ধরে জলমগ্নতার সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। একাধিকবার দুর্গাপুর নগর নিগম, স্থানীয় প্রশাসন এবং সেচ দপ্তরকে সমস্যার কথা জানানো হয়েছে বলেও দাবি বাসিন্দাদের।তবে, বাসিন্দাদের বৃষ্টি বা বর্ষায় এই দুর্ভোগ নিয়ে দুর্গাপুর নগর নিগম, প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা কোন মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *