ASANSOL

আসানসোলে ১৯ নং জাতীয় সড়কের ব্রিজে গর্ত ও বেরিয়েছে লোহার রড বেহাল অবস্থা পরিদর্শনে বিজেপি বিধায়ক, মেরামতির আশ্বাস

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা এলাকার ১৯ নং জাতীয় সড়কের গাড়ুই ব্রিজের বেহাল রাস্তা নিয়ে স্থানীয় মানুষের দুর্ভোগ বাড়ছে। ব্রিজের উপর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। পাশাপাশি, রাস্তার ভিতরে থাকা লোহার রডের কিছু অংশ বাইরে বেরিয়ে এসে বেঁকে রয়েছে। এর ফলে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।গাড়ুই ব্রিজ কলকাতা-দিল্লি এবং দিল্লি-কলকাতা দুই দিকের যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা । ব্রিজের রাস্তার এই বেহাল অবস্থার কারণে গাড়িচালকদের সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে সন্ধ্যার সময় এই এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

ফলে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে।রাস্তার পরিস্থিতি এবং সাধারণ মানুষের সমস্যার খবর পেয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বুধবার গাড়ুই ব্রিজ পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি ব্রিজের রাস্তার গর্ত, ফাটল এবং বাইরে বেরিয়ে থাকা লোহার রডগুলি সরেজমিনে খতিয়ে দেখেন।পরে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, জাতীয় সড়কের উপর অবস্থিত এই ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ও গর্ত দেখা দিয়েছে।

রাস্তার লোহার রডও বাইরে বেরিয়ে এসে বেঁকে রয়েছে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সন্ধ্যার সময় এই এলাকায় যানজটের সমস্যাও দেখা যায় বলে তিনি জানান।তিনি বলেন, বিষয়টি জানার পর আমি নিজে এলাকায় এসে পরিস্থিতি পরিদর্শন করলাম। এই বিষয়ে আমি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলমের সঙ্গে কথা বলেছি।

এর পাশাপাশি ন্যাশানাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া বা এনএইচএআইয়ের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেছি।বিধায়কের দাবি, এবএইচএআইয়ের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী ৮ অক্টোবরের মধ্যে গাড়ুই ব্রিজের রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ করা হবে। স্থানীয় মানুষের আশা, রাস্তা মেরামত করা হলে ব্রিজে তৈরি হওয়া যানজটের সমস্যারও সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *