ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে ট্রাক-বাইক সংঘর্ষে মৃত ১, আহত ২

*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* চিত্তরঞ্জন-আসানসোল রোডে সালানপুর ও জেমারি মোড়ের কাছে মঙ্গলবার ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আরো দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃত যুবকের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। আহত দুজনের মধ্যে একজন আসানসোল জেলা হাসপাতাল ও অন্যজন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি মোটরবাইকে তিনজন চিত্তরঞ্জন রেল রোড দিয়ে যাচ্ছিলেন।

সালানপুর থানার জেমারি মোড়ের কাছে একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। তিনজনই গুরুতর আহত হন।ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পুলিশ উদ্ধার কাজ চালিয়ে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া তিনজনের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে বাকি দু’জন আহত আরোহীর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে সালানপুর থানার পুলিশ। তবে সুযোগ বুঝে ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *