ASANSOL

নতুন ভাবনায় এক অনন্য আয়োজন ,  ২ অক্টোবর ” প্রতিধ্বনি ফাউন্ডেশন” র পঞ্চম বর্ষ আসানসোল সঙ্গীত সম্মেলন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ” প্রতিধ্বনি ফাউন্ডেশনের ” আসানসোল সঙ্গীত সম্মেলন” এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করছে। আসানসোল রবীন্দ্র ভবনে আগামী ২ অক্টোবর বসতে চলেছে এবারের সঙ্গীত সম্মেলনের আসর। শাস্ত্রীয় সঙ্গীতের সাধনায় চার বছরের সংগ্রাম ও উত্থান-পতনের পরে, এবারের সঙ্গীত সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের সামনে এসে দাঁড়িয়েছে।

বুধবার বিকেলে আসানসোল কফি হাউসে এক সাংবাদিক সম্মেলনে প্রতিধ্বনি ফাউন্ডেশনের সচিব পৌলমী কবি বলেন, এই বছরের সঙ্গীত সম্মেলনটি আসানসোলের বাসিন্দাদের জন্য একটা অন্য ভাবনা নিয়ে আসতে চলেছে। এই বছরের সম্মেলনে একটি নতুন ধারণা যুক্ত করা হয়েছে। তা হলো “সবুজ আসানসোল”। যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে প্রকৃতির গভীর সংযোগ রয়েছে, তাই এটিকে মূলভাব হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই বছরের সঙ্গীত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ” বেনসন সোলার” এই স্বপ্নকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে। সৌরশক্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিকল্প, এবং বেনসন সোলার ফাউন্ডেশনকে ‘সবুজ আসানসোল’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে।

তিনি ব্যাখ্যা করেন যে, আসানসোলের অনেক সংস্থা এবং গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানকে সমর্থন করছেন। প্রতি বছরের মতো এবারও এটিকে গর্বের সঙ্গে উপস্থাপন করার প্রস্তুতি চলছে। এবারের সম্মেলন আগামী ২ অক্টোবর বিকেল ৫টায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে। সমস্ত আসানসোলবাসীকে প্রতিধ্বনি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রাজ ভট্টাচার্য, সহ-সভাপতি সুমন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুরঞ্জনা মুখোপাধ্যায়, রবিশঙ্কর চৌবে, শুভাশিস মুখোপাধ্যায়, অস্মিতা ভট্টাচার্য, ইমান মুখোপাধ্যায় সহ অন্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *