” প্রতিধ্বনি ফাউন্ডেশন” র পঞ্চম বর্ষ আসানসোল সঙ্গীত সম্মেলনের উদ্বোধনে মন্ত্রী ও বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” প্রতিধ্বনি ফাউন্ডেশনের ” আসানসোল সঙ্গীত সম্মেলন” এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো। শুক্রবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্র ভবনে বসে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আসর।এদিন বিকেল পাঁচটার সময় প্রদীপ জ্বালিয়ে আসানসোল সঙ্গীত সম্মেলনের উদ্বোধন করেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ছিলেন আসানসোলে সঙ্গীত শিল্পী বর্ণালী চট্টোপাধ্যায়, প্রতিধ্বনি ফাউন্ডেশনের সচিব পৌলমী কবি, সভাপতি রাজ ভট্টাচার্য, সহ-সভাপতি সুমন ভট্টাচার্য, শ্রাবণী বন্দোপাধ্যায় রবিশঙ্কর চৌবে, শুভাশিস মুখোপাধ্যায়, অস্মিতা ভট্টাচার্য, ইমান মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।













তার আগে সংগঠনের তরফে রবীন্দ্র ভবনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। বিধায়ককে উদ্যোক্তদের তরফে সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক এমন একটা সঙ্গীত সম্মেলন আয়োজন করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান। তিনি বলেন, বর্তমানে এই ধরনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতে অনেক সংগঠন সাহস পাননা। সেখানে প্রতিধ্বনি ফাউন্ডেশন একটা ভালো কাজ করেছে।
এর পাশাপাশি তারা যে ” সবুজ আসানসোল” র বার্তা দিয়েছে ” বেনসন সোলার” কে সামনে রেখে তারও গুরুত্ব অনেক। এরপরে অনুষ্ঠান মঞ্চে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রথমে ” বেনসন সোলার “র প্রতিনিধিরা সম্বর্ধনা জানান। পরে প্রতিধ্বনি ফাউন্ডেশনের তরফে মন্ত্রীর হাতে স্মারক তুলে দেন রাজ ভট্টাচার্য ও সুমন ভট্টাচার্য।
মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই আসানসোল ও বার্নপুর শাস্ত্রীয় সঙ্গীতের জন্য সারা বাংলায় পরিচিত ছিলো। বার্নপুরের ভারতী ভবনের কথা সবাই জানেন। আমি নিজে ছোটবেলায় কত অনুষ্ঠান দেখেছি। তাই প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রতিনিধিরা যখন আমাকে এই অনুষ্ঠানের কথা বললো, তখনই বলেছিলাম আসবো। শাস্ত্রীয় সঙ্গীতের সাধনায় চার বছরের সংগ্রাম ও উত্থান-পতনের পরে, এবারের আসানসোল সঙ্গীত সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো, তা আর বলার অপেক্ষা রাখেনা।
তিনি আরো বলেন, এই রবীন্দ্র ভবনের খুব কাছে যে বিদ্যাসাগর আর্ট গ্যালারি আছে, তা আসানসোল পুরনিগমের তরফে নতুন করে জানানো হচ্ছে। আগামী ৪ অক্টোবর তার উদ্বোধন করা হবে। এদিন সংগঠনের স্মরণিকার প্রচ্ছদের উদ্বোধন করেন সুরঞ্জনা মুখোপাধ্যায়। একইসঙ্গে এদিন অভিজিৎ রায়, বর্ণালী চট্টোপাধ্যায় বেশ কয়েকজনকে প্রতিধ্বনি ফাউন্ডেশনের তরফে সম্বর্ধনা জানানো হয়।
এবারের আসানসোল সংগীত সম্মেলনে মোট তিনটি পর্যায়ে কলকাতা ও মুম্বাইয়ের নয়জন শিল্পী ভোকাল, সন্টুর, সেতার ও তবলায় দর্শকদের মন জয় করেন। গোটা অনুষ্ঠানটি পর্যায়ক্রমে সঞ্চালনা করেন মল্লিকা গাঙ্গুলি ও অভিজিৎ চন্দ। প্রতিধ্বনি ফাউন্ডেশনের সচিব পৌলমী কবি বলেন, এই বছরের সঙ্গীত সম্মেলনটি আসানসোলের বাসিন্দাদের জন্য একটা অন্য ভাবনা ও পরিকল্পনা মধ্যে দিয়ে আনার চেষ্টা করেছি।

