ASANSOLDURGAPUR

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার দুর্গাপুরে রাম মন্দিরের আদলে সাজছে পুজো মন্ডপ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* ইস্পাত নগরী দুর্গাপুরে রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল পুজো মণ্ডপ। বাজেট এক কোটিরও বেশি টাকা। মণ্ডপের আকর্ষণে পুজোর দিনগুলিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা উদ্যোক্তাদের। আর সেই সম্ভাব্য বিপুল ভিড় সামাল দিতে আগেভাগেই প্রস্তুতি শুরু করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।শুক্রবার দুপুরে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠের পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের পুলিশ আধিকারিকরা।

মণ্ডপ চত্বর ঘুরে দেখে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা, নিরাপত্তা পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হতে চলেছে ক্ষুদিরাম মাঠের এই পুজো। রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে বিশাল এই আয়োজন।উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ নির্মাণে খরচ হচ্ছে এক কোটিরও বেশি টাকা।

তাঁদের আশা, মণ্ডপের আকর্ষণে এবার দুর্গাপুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমাবেন। তবে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।

দর্শনার্থীদের যাতে মণ্ডপে ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।এই প্রসঙ্গে পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, এটা দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো। তাই এদিন নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছু খতিয়ে দেখা হলো। উদ্যোক্তাদেরকে সবকিছু বলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *