কুলটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধনে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে কুলটি থানা রোডে চালু হল ” নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র”। মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল ফিতে কেটে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং কুলটির বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডা. অজয় পোদ্দার, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণ ও বারাবনির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়।













রাজ্যের নুতন সরকার আসার পরে প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপির তরফে। এই কেন্দ্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগের সমাধান করার পরিকল্পনা রয়েছে। কুলটির বিধায়ক ও মন্ত্রী ডা. অজয় পোদ্দারের উদ্যোগে সেল কর্তৃপক্ষের সহযোগিতায় কুলটি থানা রোডে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে ।উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে কেশব পোদ্দার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতে একটি স্মারক তুলে দেন।
পরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে।
তাঁর দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উন্নয়নমূলক কাজ চলছে। সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তি করা।কুলটির বিধায়ক তথা মন্ত্রী ডা. অজয় পোদ্দারের উদ্যোগের প্রশংসা করে সুনীল বনসল বলেন, রাজ্যের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের বিধানসভা এলাকার মানুষের পরিষেবার কথা মাথায় রেখে তিনি এই সেবা কেন্দ্র নির্মাণ করেছেন।
এই উদ্যোগের জন্য তাঁকে অভিনন্দন জানান বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক।অন্যদিকে, ডাঃ অজয় পোদ্দার বলেন, রাজ্যের বিভিন্ন কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এলাকার মানুষের জন্য যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেন। তিনি আরো বলেন, সপ্তাহে দু’দিন এই সেবা কেন্দ্রে বসে সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবো এবং সমস্যা সমাধানের উদ্যোগ নেবো। সপ্তাহের অন্যান্য দিনে বিজেপির মণ্ডল সভাপতিরা এই দায়িত্ব পালন করবেন।
এর ফলে এলাকার মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে কুলটি বিধানসভা এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মন্ত্রী প্রতিনিধি তথা বিজেপি নেতা কেশব পোদ্দারের নেতৃত্বে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়কে ঢাক বাজিয়ে ও ব্যান্ড-বাজনা সহযোগে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়।

