দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে বোনাসের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতিতে সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীরা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুজোর বোনাস না পাওয়া, চার দিনের ছুটির টাকা বকেয়া থাকা এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না পড়ার অভিযোগে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালের কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়াল। দাবি আদায়ের জন্য কর্মবিরতির পথ বেছে নিলেন হাসপাতালের সাফাইকর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার হাসপাতালের অবস্থানে বসে নিজেদের দাবি জানান তারা।বিক্ষোভকারী বেসরকারি হাসপাতালের কর্মীদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁরা পুজোর বোনাস পাননি।











পাশাপাশি, চার দিনের ছুটির টাকাও তাঁদের দিতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা কাটা হলেও সেই টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা পড়ছে না। এই সমস্ত অভিযোগ ও দাবিকে সামনে রেখে কর্মীরা একজোট হয়ে কর্মবিরতি পালন করেন এবং হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। পুজোর আগে বোনাস না পাওয়ায় তাঁদের আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।যদিও, কর্মীদের এই দাবি ও অভিযোগ নিয়ে বেসরকারি হাসপাতালের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।



