ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে উত্তরপ্রদেশের কম্বল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কম্বলের ব্যবসা করতে এসে পশ্চিম বর্ধমান জেলার সালানপুরে উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভিনরাজ্যের ঐ ব্যবসায়ী।অভিযোগকারী মহম্মদ ইমরান উত্তরপ্রদেশের রামপুর জেলার সাইফনি এলাকার বাসিন্দা। তাঁর দাবি, গত কয়েক বছর ধরে কম্বলের ব্যবসার সূত্রে তিনি পশ্চিমবঙ্গে আসছেন।

বর্তমানে তিনি সালানপুর থানার জেমারির রজ্জাক নগর এলাকায় থাকেন।তার অভিযোগ অনুযায়ী, ২৪ অক্টোবর শনিবার সকালে প্রায় ১০টা নাগাদ তিনি নিজের দোকানের দিকে যাচ্ছিলেন। সেই সময় রজ্জাক নগরে একটি মুদির দোকানের সামনে চারজন তাঁকে ঘিরে ধরেন। এলাকায় তিনি কেন কম্বলের দোকান খুলছেন, তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বলে অভিযোগ।এরপর ঐ চারজন তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী।

ঘটনায় আহত হওয়ার পর তিনি চিকিৎসা পরীক্ষা করান। অভিযোগপত্রের সঙ্গে আঘাত সংক্রান্ত চিকিৎসার নথিও জমা দিয়েছেন বলে জানা গেছে। নিজের করা লিখিত অভিযোগে মহম্মদ ইরফান, মহম্মদ ইমরান, মহম্মদ উসমান এবং মহম্মদ আরমানের নাম উল্লেখ করেছেন অভিযোগকারী ব্যবসায়ী । তাঁর দাবি, এই ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।

ভবিষ্যতেও নিজের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তিনি।গোটা ঘটনা নিয়ে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ঐ ব্যবসায়ী। তবে ঐ ব্যবসায়ীকে মারধরের ঘটনাটি মুদির দোকানে কাছে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভির ফুটেজ ভাইরালও হয়েছে।সালানপুর থানার পুলিশ জানায়, ঘটনা নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *