বোনাস বৃদ্ধি ও অষ্টম বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার দাবি আসানসোলে ডিআরএম অফিসে সামনে ধর্ণা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভারতীয় রেলওয়ে মজদুর সংঘের (বিআরএমএস) দেশব্যাপী আহ্বানে মঙ্গলবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসের সামনে গেট মিটিং ও ধর্ণা করল পূর্ব রেলওয়ে কর্মচারী সংঘের (পিআরকেএস) আসানসোল ডিভিশন শাখা। এই কর্মসূচিতে সংগঠনের বহু সদস্যের পাশাপাশি রেলকর্মীরাও অংশগ্রহণ করেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথা বস্ত্রশিল্প বিভাগের দায়িত্বপ্রাপ্ত জয়নাথ চৌবে।













এই ধর্ণা ভারতীয় মজদুর সংঘের জাতীয় কার্যনির্বাহী কমিটির সমর্থন রয়েছে।এদিনের ধর্ণা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের প্রবীণ নেতা জয়নাথ চৌবে বলেন, পিআরকেএসের পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছে, তা সম্পূর্ণ ন্যায্য। সরকার ঘোষিত ৭৮ দিনের বোনাস এবং ৭,০০০ টাকার সর্বোচ্চ সীমা নিয়ে রেলকর্মীরা সন্তুষ্ট নন।তিনি আরো বলেন, বর্তমান মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে রেলকর্মীদের বোনাসের হিসাব সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক (এআইসিপিআই) অনুযায়ী করা উচিত।
এর ফলে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীরা বোনাসের সুবিধা পেতে পারবেন।অষ্টম বেতন কমিশনের প্রসঙ্গ তুলে জয়নাথ চৌবে বলেন, ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে। তাই রেলকর্মীদের দাবি, কমিশনের সুপারিশ যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। এই দাবিকে সামনে রেখেই দেশজুড়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।এদিনের কর্মসূচির মাধ্যমে বোনাসের পরিমাণ বৃদ্ধি, বোনাস গণনার পদ্ধতিতে পরিবর্তন এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার দাবিতে সরব হন পিআরকেএসের সদস্য ও রেলকর্মীরা।
