জামুড়িয়ায় মোটরবাইককে ধাক্কা মাটি বোঝাই ডাম্পারের ওভারলোড গাড়ির দৌরাত্ম্যে ক্ষোভ গ্রামবাসীদের
*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুপাশে গ্রাম। আর সেই গ্রামের মাঝ দিয়ে গেছে পিডব্লিউডি বা পূর্ত দপ্তরের রাস্তা। আর সেই রাস্তা দিয়েই দিনেরাতে দ্রুতগতিতে ছুটে চলে জামুড়িয়া শিল্পকারখানার একাধিক মাটি ও ছাই বোঝাই ভারী ডাম্পার। সেই ডাম্পারের দৌরাত্ম্যেই দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। মঙ্গলবার জামুড়িয়া থানার বিজয়নগর গ্রামে একটি মাটি বোঝাই ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এক মোটরবাইক। তবে ডাম্পারটির গতিবেগ দেখে আগেই মোটরবাইক থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাইক চালক ।













ডাম্পারের তলায় ঢুকে পড়ে মোটরবাইকটি।এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন ধসনা ও বিজয়নগর গ্রামের মানুষেরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি ও জামুড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনায় জামুড়িয়া মন্ডল ১ এর বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ পালের অভিযোগ , এই রাস্তা দিয়ে প্রায় ৪০ থেকে ৫০ টন ওজনের মাটি ও ছাই বোঝাই বড় বড় ডাম্পার দ্রুতগতিতে যাতায়াত করে।
এই ভারী যানবাহনের দৌরাত্ম্যে মাঝেমধ্যেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তায় চলাচল করতেও আতঙ্কিত বোধ করছেন গ্রামবাসীরা।তবে এখানেই শেষ নয়। গ্ৰামবাসিদের আরো অভিযোগ, মাটি ও ছাই পরিবহণের সময় সেগুলি ঢেকে রাখা হয় না। পাশাপাশি, অতিরিক্ত বোঝাই বা ওভারলোডের কারণে গাড়ি থেকে মাটি ও ছাই রাস্তায় পড়ে। পরে সেই মাটি ও ছাইয়ের উপর জল পড়লে রাস্তা পিছল হয়ে যায়। ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এছাড়াও আরো অভিযোগ , মাটি ও ছাই পরিবহনে যুক্ত ডাম্পার গুলি অধিকাংশই সেই পরিবহনের বৈধ কোন কাগজপত্রও নেই। এক স্থানীয় বাসিন্দার কথায়, বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। মঙ্গলবার একটি ডাম্পারের ধাক্কায় মোটরবাইক ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছি।
গ্রামবাসীদের অভিযোগ, অতিরিক্ত মাটি ও ছাই বোঝাই গাড়ির দ্রুত যাতায়াত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। ঘটনায় এদিন দীর্ঘ প্রায় বেশ কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজনেরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। অবরোধ উঠলে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক ও ঘাতক ডাম্পারটিকে আটক করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।পুলিশ জানায়, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
