উন্নয়নের পথে ১১ বছর, আসানসোলের রবীন্দ্র ভবনে জেলার অনুষ্ঠান
মহিলাদের দেওয়া হলো লক্ষীর ভান্ডারের প্রতীকী চেক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৫ মেঃ ( Asansol Local News In Bengali ) রাজ্য সরকারের ” উন্নয়নের পথে ১১ বছর ” শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আসানসোল রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া ” পাড়ায় সমাধান ” কর্মসূচির উদ্বোধন সরাসরি ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করা হয়েছিলো।














জেলার বিভিন্ন ব্লক ও দুই পুরনিগম এলাকা থেকে মহিলাদের আনা হয়েছিলো। এদিন তাদের হাতে লক্ষীর ভান্ডারের প্রতীকী চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি রবীন্দ্র ভবনের পার্কিং জোনে পাড়ায় সমাধান কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন দপ্তর, ব্লক ও আসানসোল ও দূর্গাপুর পুরনিগমের তরফে স্টল করা হয়েছে। সেইসব স্টলে সরকারের কর্মসূচি ও বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তমন, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ শেভালে, সঞ্জয় পাল, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও হরেরাম সিং সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক বলেন, পাড়ায় সমাধান কর্মসূচি ৫ মে থেকে ২০ মে পর্যন্ত হবে। জেলার সব ব্লকের পাশা পাশি দুটি পুর এলাকাতেও এই কর্মসূচি পালন করা হবে। তারজন্য স্টল ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে.

