রাজ্য জুড়ে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ মিছিল দুর্গাপুরে মিছিল, আসানসোলে বিক্ষোভ
*বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা, হেনস্থা এবং তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে প্রতিবাদে পথে নামলেন আসানসোল জেলা ও দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা।সোমবার সকালে আসানসোল আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিল শেষে আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান আইনজীবীরা।একইভাবে, দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা।













আইনজীবীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত আইনজীবীরা হামলা ও আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি আদালত চত্বরেও তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের উপর হামলার ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

