Wednesday, October 7, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, October 7, 2026
Latest:
Bengal Mirror
KULTI-BARAKAR

আসানসোলের কুলটিতে এবার জনবসতি এলাকায় ধস, বিশালাকার গর্তে আতঙ্কিত বাসিন্দারা

বেঙ্গল মিরর,  কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ এবার আসানসোলের কুলটিতে জনবসতি এলাকায় ধসের ঘটনা ঘটলো। সেই ধসে এক গৃহস্থের বাড়ির ঠিক পেছনে বিশালাকার গর্ত তৈরি হয়েছে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন ঐ বাড়ির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১০৩ নং ওয়ার্ডে কুলটির ডিসেরগড়ের শাঁকতোড়িয়া রক্তা উত্তর পাড়ার। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ এলাকায় আসে। গোটা বিষয়টি পুলিশের তরফে ইসিএল ও প্রশাসনের নজরে আনা হয়েছে।


জানা গেছে, আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ার রক্তা উত্তর পাড়ায় বাস করেন অসীম গোপ, বিনোদ গোপ ও সুভাষ গোপ। এদিন সন্ধ্যার পরে গোপ পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে, তাদের বাড়ির ঠিক পেছনে একটা বিশালাকার গর্ত তৈরি হয়েছে। তারা বুঝতে পারেন যে, ধসের কারণে এই গর্ত তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন।


এই প্রসঙ্গে অসীম গোপ বলেন, এদিন বিকেল থেকেই ঐ জায়গায় ধস নামছিলো। তাতে গর্ত তৈরি হয়। সন্ধ্যের মুখে তা বিশালাকার হয়। খুবই আতঙ্কে আছি। ঐ জায়গা দিয়ে আর গাড়ি ঢুকবে না। খবর পেয়ে কুলটি থানার পুলিশ এসেছিলো। অফিসার বলেছেন, গর্ত বোজানোর ব্যবস্থা করা হবে।

অসীমবাবুর দাবি, মাটির তলায়, পুরনো কোন কয়লা খনি ছিলো। সেখানে ফাঁকা ছিলো। টানা বৃষ্টিতে ধস নেমেছে, আর তাতে গর্ত তৈরি হয়েছে।
জানা গেছে, কয়লাখনি রাষ্ট্রায়ত্বকরণের আগে এই এলাকায় বেসরকারি কোলিয়ারি ছিলো। এলাকার বাসিন্দাদের দাবি, কয়লা তোলার পরে মাটির তলার ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করা হয়নি। যে কারণে এই ঘটনা।
পুলিশ জানায় গোটা বিষয়টি ইসিএলকে জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ, দিন কয়েক আগেই রানিগঞ্জে একটি বাড়ির বারান্দায় এই ভাবে ধসের ঘটনা ঘটেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *