প্রয়াত আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলার গোলাম সরবর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রয়াত আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর। কংগ্রেসের কাউন্সিলারের এই মৃত্যু আসানসোলের রাজনৈতিক জগতের বড় ক্ষতি। আসানসোল পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্রবীণ কংগ্রেস নেতা গোলাম সরবর ওরফে লড্ডন শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে সহ এক পরিবার রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোলাম সরবর অসুস্থ হয়ে পড়লে, তাকে আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আসানসোলের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।














আসানসোলের রাজনীতিতে এই কংগ্রেস কাউন্সিলার বড় বিরোধী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি আসানসোল পুরনিগমের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন। অনেক অভাব অভিযোগ ও সমস্যার পাশাপাশি আসানসোল পুরনিগমের একাধিক দূর্নীতি তিনি প্রকাশ্যে এনেছিলেন উত্থাপন করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বাম-বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রয়াত কংগ্রেস কাউন্সিলার আসানসোল রহমানিয়া স্কুলের কর্মচারী ছিলেন।
২০০৯ সালে গোলাম সরবর আসানসোল পুরনিগমের কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি মেয়র পারিষদ সদস্য হন। তিনি পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৫ সালের পুর নির্বাচনে তিনি আবার কাউন্সিলর হন এবং এবার তাকে বোরো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি আবার কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের টিকিটে ২৮ নং ওয়ার্ডে লড়াই করে আবার জিতে আবারও কাউন্সিলার হিসেবে জয়ী হন।
