আসানসোলে বিজেপির ডাকে জেলাশাসক কার্যালয় অভিযান, স্মারকলিপির মাধ্যমে পাকিস্তানিদের ফেরানোর দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার ডাকে সারা বাংলার সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে সোমবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয় ও ধর্ণা অবস্থান হয়। আয়োজন করা হয়েছিলো একটি সভারও। পরে বিজেপির তরফে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এই স্মারকলিপি মাধ্যমে বিজেপি দাবি করেছে যে পশ্চিম বর্ধমান জেলায় অবৈধভাবে বসবাসকারী সমস্ত পাকিস্তানিদের পাকিস্তানে ফেরত পাঠানো হোক।














এর আগে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণি থেকে একটি মিছিল করা হয়। এই মিছিলে আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিজেপি নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। এই মিছিলটি ভগৎ সিং মোড় হয়ে আসানসোল আদালতের কাছে গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয়।
সেখানে একটি সভা আয়োজন করা হয়েছিলো। যেখানে বিজেপির নেতারা বক্তব্য রাখেন। এর পরে, বিজেপির নেতারা জেলাশাসকের কার্যালয়ে যান। বিজেপির একটি প্রতিনিধিদল জেলাশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন।
পরে সাংবাদিকদের অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপির পক্ষ থেকে একটাই দাবি, পহেলগাঁও হামলার পর যখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে যে কোনও পাকিস্তানি ভারতে থাকতে পারবে না। এমনকি যদি সে বৈধভাবে বসবাসও করে । ভারতের অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে পাকিস্তানিদের খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও এই প্রক্রিয়া শুরু হয়নি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাকিস্তানিদের খুঁজে বার করে পাকিস্তানে ফেরত পাঠানোর বিষয়ে মোটেও সিরিয়াস নয়। বিধায়ক অভিযোগ করেন যে পাকিস্তানিদের এখানে অবৈধভাবে বসবাসের জায়গা দেওয়া হচ্ছে। কারণ এই পাকিস্তানিরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই পাকিস্তানিদের পাকিস্তানে ফেরত পাঠাতে চায় না। কিন্তু বিজেপি তা হতে দেবে না। এদিন এই স্মারকলিপির মাধ্যমে আমরা পশ্চিম বর্ধমান জেলায় বসবাসকারী সমস্ত পাকিস্তানিদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি।

