আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আবারও বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই শহীদ সমাবেশের ঠিক আগে ১৮ জুলাই প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীর বাংলা সফরকে বাংলার বর্তমান রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলা সফর এসে উত্তরবঙ্গে সভা করেছিলেন। এবারে তার দক্ষিণবঙ্গে সভার কথা। ১৮ জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য জনসভা হতে পারে। তার পরিপ্রেক্ষিতে সোমবার আসানসোলের ১৯ জাতীয় সড়কের শীতলায় জেলা বিজেপি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এই সভা হয়। সেই বৈঠকে বিজেপি জেলা নেতৃত্ব আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।














জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সম্ভাব্য সভার জন্য সকল কর্মীকে যুদ্ধকালীন তৎপরতার সাথে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি মন্ডল স্তরের কর্মীদের নিজ নিজ এলাকায় সভা আয়োজনেরও নির্দেশ দেন। শ্রী ভট্টাচার্য আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে প্রধানমন্ত্রীর আসা পশ্চিমবঙ্গে ২০২৬ সালের নির্বাচনের জন্য বিজেপিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। তিনি আজ থেকেই কর্মীদের ২০২৬ সালের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন যে প্রধানমন্ত্রীর আসা নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।
বৈঠকে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জোর দিয়ে বলেন ,প্রধানমন্ত্রী সভার জন্য আসানসোল জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি সকল নেতা ও কর্মীদেরকে সাধারণ মানুষকে এই কর্মসূচির সাথে যুক্ত করার আহ্বান জানান। যাতে আরও বেশি সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ এবং বক্তব্য শুনতে পারেন। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক পরিচালনা করেন কাকলি ঘোষ। এই বৈঠকে অরিজিত রায়, প্রশান্ত চক্রবর্তী, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, সন্তোষ সিং ও আসানসোল বিজেপির জেলা ইনচার্জ মিডিয়া ইনচার্জ সন্তোষ কুমার ভার্মাও উপস্থিত ছিলেন। জেলা বিজেপি নেতৃত্বর দাবি, প্রধানমন্ত্রীর সভা দুর্গাপুরে হলে, তা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের উৎসাহ বৃদ্ধি পাবে।

