বারাবনিতে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা, কাঠগড়ায় বিজেপি
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত শিল্পাঞ্চলের। আসানসোলের বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের পোস্টার ও ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চিঁচুড়িয়া গ্রামের বাউড়ি পাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন।জানা গেছে , বারাবনির নুনী পঞ্চায়েতের অন্তর্গত চিঁচুড়িয়া গ্রামের বাউড়ি পাড়ায় তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে বেশ কিছু ফ্লেক্স লাগানো হয়েছিল। অভিযোগ, অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতি সোমবার রাতে সেই ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলে দেয়।














মঙ্গলবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারী। তিনি এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে বলেন, বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। আমাদের প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে তারা নোংরা রাজনীতি করছে। তবে এভাবে বিধান উপাধ্যায়কে আটকানো যাবে না। তিনি ৪০ থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, যদি এই ধরণের ঘটনা বন্ধ না হয়, তবে তৃণমূল কর্মীরাও নুনী মোড় থেকে লালগঞ্জ পর্যন্ত বিজেপির সমস্ত পোস্টার দিনের আলোয় ছিঁড়ে দেবেন। স্থানীয় তৃণমূল কর্মী পবিত্র রায় বলেন, রাতের অন্ধকারের সুযোগ নিয়েই এই কাজ করা হয়েছে।অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার সাথে দলের কেউ জড়িত নয়।

