ASANSOL

রবিবাসরীয় প্রচারে পান্ডবেশ্বরে শ্রাবন্তী-ঝড় ! তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে রোডশোয়ে জনসমুদ্র

বেঙ্গল মিরর,পান্ডবেশ্বর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের গরমে ফুটছে পান্ডবেশ্বর! তবে রবিবারের রোদের তেজকেও হার মানালো টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গ্ল্যামার। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে এদিন রোডশো করলেন অভিনেত্রী। গাইঘাটা মোড় থেকে হরিপুর বাজার পর্যন্ত হওয়া এই রোডশো জনসমুদ্রের ঢেউ আর ‘খেলা হবে’ স্লোগানে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল এলাকা। গাইঘাটা থেকে হরিপুর বাজার, দীর্ঘ কয়েক কিলোমিটারের রাস্তার দুধারে মানুষের ভিড় দেখে বোঝাই যাচ্ছিল না, এটি কোন প্রচার নাকি, কোন বিজয় মিছিল! শ্রাবন্তীকে এক ঝলক দেখতে বাড়ির ছাদ থেকে বারান্দা, সর্বত্রই ছিল সাধারণ মানুষের ভিড়।

অভিনেত্রীর গ্ল্যামার আর নরেন্দ্রনাথ চক্রবর্তীর জনসংযোগ, দুইয়ে মিলে এদিন পান্ডবেশ্বর কার্যত স্তব্ধ হয়ে যায়। পান্ডবেশ্বরে কি এবারও কি জোড়াফুল? অন্ততঃ এদিনের জনজোয়ার সেই ইঙ্গিতই দিচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এদিন দুপুরে গাইঘাটা মোড় থেকে শুরু হওয়া এই মেগা রোডশোয়ে হুডখোলা জিপে প্রার্থীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে হাত নাড়লেন অভিনেত্রী।

প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে বা সেলফি তুলতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর পুষ্পবৃষ্টি করেন শ্রাবন্তী ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। মিছিল যখন হরিপুর বাজারে পৌঁছায়, তখন সেটি কার্যত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।রবিবাসরীয় প্রচারে আবির খেলায় মেতে উঠেন শাসক দলের কর্মী ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *