ASANSOL

তীব্র গরমের মাঝে স্বস্তির ছোঁয়া আসানসোল শিল্পাঞ্চলে আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* শেষ এপ্রিলে গত কয়েকদিন ধরে অসহনীয় গরমে কার্যত নাজেহাল হয়ে পড়েছিলেন আসানসোল সহ শিল্পাঞ্চলবাসীরা। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ায় জনজীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। ঠিক সেই পরিস্থিতির মাঝেই সোমবার বিকেলের পরে হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে আকাশ কালো মেঘে ঢেকে যায়। তারপর শুরু হয় দমকা ও ঝোড়ো হাওয়া। এর কিছুক্ষণের মধ্যেই নামে শিলাবৃষ্টি।এই শিলাবৃষ্টিতে একদিকে যেমন সাময়িকভাবে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়। অন্যদিকে তীব্র গরম থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা। বিশেষ করে রাস্তায় থাকা পথচারী ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনের কারণে সমস্যায় পড়তে হয়।

অনেকেই আশ্রয়ের খোঁজে দৌড়ঝাঁপ করতে দেখা যায়।অন্যদিকে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নেমে এসেছে। যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। দীর্ঘদিন পর এমন আবহাওয়া পেয়ে অনেকেই খুশি। শিশুদেরও রাস্তায় বেরিয়ে শিলাবৃষ্টি উপভোগ করতে দেখা গেছে।আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন এমন বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে গরম থেকে কিছুটা রেহাই মিললেও, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সব মিলিয়ে, তীব্র গরমের মাঝে এই আচমকা শিলাবৃষ্টি যেমন কিছুটা দুর্ভোগ ডেকে আনলেও , এই গরমের হাত থেকে বাঁচতে এনে দিয়েছে বহু প্রতীক্ষিত স্বস্তিও।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *