কুলটিতে উত্তেজনা আম পাড়তে যাওয়া নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, ধৃত সিআইএসএফ জওয়ান
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শীতলপুর কোয়ার্টারে আম পাড়তে যাওয়া এক নাবালিকাকে যৌন হেনস্তার চেষ্টা করলো এক সিআইএসএফ জওয়ান। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। পরে রাতে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শীতলপুরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ রামাকান্ত বিশ্বকর্মা নামে ঐ সিআইএসএফের জওয়ানকে সন্ধ্যায় আটক করে জেরা করা শুরু করে। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয় কুলটি থানার পুলিশের তরফে।














জানা গেছে, রবিবার দুপুরে কুলটির শীতলপুরে আম পাড়তে যায় দুই নাবালিকা। সেই সময় সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের বা সিআইএসএফ জওয়ান রামাকান্ত বিশ্বকর্মা আরো আম দেওয়ার অজুহাতে আম পাড়তে যাওয়া এক নাবালিকাকে স্কুটারে চাপিয়ে নিজের আবাসনের কাছে নিয়ে গিয়ে যৌন হেনস্তার চেষ্টা করে। নাবালিকা চিৎকার করলে জওয়ান পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা শীতলপুরে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের ক্যাম্প ঘিরে ফেলে এবং প্রতিবাদ জানায়। নাবালিকার বাবা আইএনটিটিইউসি নেতা রতন মসি সহ অন্যদের সঙ্গে শাঁকতোড়িয়া ফাড়িতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা শীতলপুরের ৩ নং গেটে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দা রতন মসি বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত এই রাস্তা অবরোধ চলবে।ঘটনা সম্পর্কে নাবালিকার বাবা তার লিখিত অভিযোগে বলেন , রবিবার দুপুরে আমার মেয়ে দুই নাবালিকা মেয়ে কাঁচা আম পাড়ার জন্য শীতলপুর লাল বাজার সিআইএসএফ ক্যাম্পের কাছে একটি স্থানীয় কোয়ার্টারে গিয়েছিল। শীতলপুরের সিআইএসএফ জওয়ান রামাকান্ত বিশ্বকর্মা তাদেরকে আরও আম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের স্কুটারে করে কাছের একটি কোয়ার্টারে নিয়ে যায়।
দশ বছরের আমার নাবালিকা মেয়েকে ভিতরে নিয়ে যায় ও পাঁচ বছরের নাবালিকা বাইরে দাঁড়িয়ে ছিল। সিআইএসএফের জওয়ান আমার মেয়েকে তার কোয়ার্টারের ভেতরে যৌন হেনস্তার চেষ্টা করে। সেই সময় নাবালিকা জোরে চিৎকার করতে শুরু করলে, জওয়ান তাকে ফেলে রেখে তার স্কুটারে করে পালিয়ে যায়।
এরপরে শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ নাবালিকার বাবা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর অভিযুক্তকে ধরার জন্য শীতলপুর সিআইএসএফ ক্যাম্পে যান। সেখানে অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এরপর, ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ তুলে নেয়।পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।

