Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

পশ্চিম বর্ধমানে নয়টি বিধানসভার গণনায় ১৮ জন ” কাউন্টিং অবজারভার “

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভার গণনার জন্য ১৮ জন ” কাউন্টিং অবজারভার ” নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। এই অবজারভাররা কাউন্টিং হলের ভেতরে থাকবেন। তাদের নজরদারিতেই সোমবার সকাল আটটা থেকে ভোট গণনা বা কাউন্টিং শুরু হবে। আরো জানা গেছে, সকাল ছটার মধ্যে সব দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে চলে আসতে হবে। এদিকে, রবিবার পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম পরিদর্শন করেন। তিনি সেখানে থাকা নিরাপত্তা কর্মী ও অন্যান্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

পরে সাংবাদিকদের তথ্য দেওয়ার সময় জেলাশাসক বলেন, সোমবার ভোট গণনার কথা মাথায় রেখে এদিনই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোটা জেলায় নয়টি বিধানসভার জন্য ১৫০০ জন গণনা কর্মী বা পোলিং পার্সেন থাকবেন। তার মধ্যে ১২০০ জন সরকারি গণনার কাজে থাকবেন। এছাড়াও ১৪০০ র মতো প্রার্থীদের কাউন্টিং এজেন্টরাও থাকবেন। তিনি আরো বলেন, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে একটি গাড়ি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিলো। কিন্তু রিটার্নিং অফিসার নিজে এসে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করেন যে গাড়িটি রিটার্নিং অফিসারেরই ছিল। তাঁর জবাবে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্তুষ্ট হন। কিছু নির্দল প্রার্থীর প্রতিনিধিরা প্রধান রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্ট্রং রুমের চারপাশে প্রয়োজনের চেয়ে বেশি লোক জড়ো করা এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ করেছেন।এদিকে, ভোট গণনার একদিন আগে, রবিবার আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক এবং ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় তাঁর কর্মী ও সমর্থকদের সঙ্গে স্ট্রংরুমে আসেন।

সেই সময় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীরা স্লোগান দেন। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় বাংলা ’ স্লোগান দেন। অন্যদিকে বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন।উল্লেখ্য, সোমবার আসানসোল ইঞ্জিনিয়ার কলেজে জেলার ছয় বিধানসভা আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, বারাবনি, কুলটি, রানিগঞ্জ ও জামুড়িয়ার ভোট গণনা হবে। বাকি তিন বিধানসভা পান্ডবেশ্বর, দুর্গাপুর পশ্চিম ও দুর্গাপুর পূর্বের ভোট গণনা হবে দুর্গাপুর গভর্নমেন্ট বা সরকারি কলেজে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *