ASANSOL

ভোট গণনার দিনে পুলিশের নির্দেশিকা কুলটি ও বারাবনিতে মাইকিং, সতর্ক থাকার পরামর্শ, জারি কিছু নিষেধাজ্ঞা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি ও কুলটি থানা এলাকায় ‘অ্যালার্ট মোড’ জারি করা হয়েছে। রবিবার বারাবনি থানার পক্ষ থেকে এলাকার প্রতিটি গ্রাম, গলি ও মহল্লায় মাইকিং করা হয়েছে। একইভাবে কুলটিতেও করা হয়েছে মাইকিং।পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার ৪ মে ফল ঘোষণার সময় এবং তার পরবর্তী সময়ে কেউ যদি শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের ঘোষণায় সাধারণ মানুষকে জানানো হয়েছে যে, সোমবার কোথাও অপ্রয়োজনীয় ভিড় জমায়েত করা যাবে না। রাস্তা বা জনসমক্ষে দু’জনের বেশি একসঙ্গে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফল ঘোষণার পর কোনও ধরনের বিজয় মিছিল বা জনসমাবেশ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অকারণে বাড়ির বাইরে বেরিয়ে ভিড়ের অংশ না হওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে।যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠী শান্তি ভঙ্গের চেষ্টা করে বা কোনও ধরনের ঝামেলা বা অশান্তি সৃষ্টি করে, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বাড়িতে বসেই ফলাফল দেখার এবং শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই ছাড়া হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।রবিবার সকাল থেকেই থানার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। গ্রামবাসীদের অনুরোধ করা হয়েছে, গুজবে কান না দিয়ে কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় খবর দিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *