ASANSOL

ফল বেরোনোর পরে একাধিক ভোট পরবর্তী হিংসায় আসানসোলে , কড়া বার্তা পুলিশ প্রশাসনের

*বেঙ্গল মিরর, আসনসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের ফল ঘোষণার পর থেকেই আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের খবরও সামনে এসেছে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এইসব ঘটনায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

গোটা পরিস্থিতি সামাল দিতে একযোগে মাঠে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী।বুধবার সকালে আসানসোলে জেলাশাসক কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলন করেন আসানসোলের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার কুমার , জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এস পোন্নাবলম এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সুনীল কুমার সিং। সেখানে তারা স্পষ্ট বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোনরকম রেয়াত করা হবে না।

জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একইসাথে, উস্কানিমূলক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে। পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলনে বলেন, ইতিমধ্যেই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। জেলাশাসক বলেন , পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এবং শান্তি বজায় রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *