আসানসোলে উত্তেজনা ভাড়া না দিয়ে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ তৃনমূল কাউন্সিলারের বিরুদ্ধে
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কোর্ট মোড় এলাকায় একটি ফ্ল্যাট নিয়ে বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, এই ফ্ল্যাটটি জনৈক মহেন্দ্র কুমার আগরওয়ালের। সেই আগরওয়াল পরিবারের সদস্য ভিক্কি আগরওয়ালের অভিযোগ, যে ব্যক্তিকে তারা ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন, সেই সঞ্জয় সরকার গত ১০ বছর ধরে ভাড়া দেননি। আগরওয়াল পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, ১৫ বছর আগে তারা সঞ্জয় সরকারকে তাদের ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন। ওই ব্যক্তি তাদের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিলেও গত ১০ বছর ধরে ভাড়া দেননি।














আগরওয়াল পরিবারের সদস্যরা আরো বলন, সঞ্জয় সরকার ফ্ল্যাটটি ভাড়া নিলেও আসানসোল পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ববিতা দাসও তার সঙ্গে থাকতেন। তাদের এও অভিযোগ, সঞ্জয় সরকার ও ববিতা দাস এই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। যখনই ভাড়ার বিষয়টি উঠতো, তখন ববিতা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ভয় দেখাতেন। এখন যেহেতু তৃণমূল কংগ্রেসের আর ক্ষমতায় নেই, তাই আগরওয়াল পরিবারের সদস্যরা ভাবেন, এখন সময় এসেছে তাদের ফ্ল্যাটটি ফিরিয়ে নেওয়ার।
তাই, বৃহস্পতিবার তারা পান্ডবেশ্বরের ঝাঁঝরা থেকে এই ফ্ল্যাট খালি করতে আসেন। এদিকে, সঞ্জয় সরকার এদিন স্বীকার করেন যে তিনি ভাড়া দেননি। কিন্তু তারপর থেকে তিনি এই ফ্ল্যাটে থাকছিলেন। কেন তিনি ভাড়া দেননি, তা অবশ্য বলেননি। তিনি ববিতা দাসের সঙ্গে একসঙ্গে থাকার কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন যে ববিতা তাঁর বোন। অন্যদিকে, ববিতা দাস ও সঞ্জয় সরকারের সঙ্গে একসঙ্গে থাকার কথা অস্বীকার করেন।
তিনি তাকে তার ভাই বলে জানান। তবে, ববিতা দাসকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন ১০ বছর ধরে ভাড়া দেননি, তখন তিনি কোন কিছু মন্তব্য করতে পারেননি। তিনি বলেন, এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। কারণ আগরওয়াল পরিবারের সঙ্গে ফ্ল্যাটের চুক্তি তাঁর সঙ্গে নয়। তা সঞ্জয় সরকারের সঙ্গে হয়েছিল। এর পাশাপাশি ববিতা দাস মানতে চাননি যে, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে এই ফ্ল্যাটে থাকছিলেন। তার কথা, তিনি রাতে এই ফ্ল্যাটে আসতেন ও সকালে চলে যেতেন।
যেহেতু তার কোন থাকার জায়গা ছিলোনা। এদিকে, গন্ডগোলের খবর পেয়ে ফ্ল্যাটে আসেন বিজেপি নেতা অঙ্কুর রায়। তিনি বলেন, কোন দলের প্রতিনিধিত্ব করছি না। আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক তথা এই এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নির্দেশে এসেছি। তিনি আরো বলেন , এখানে এসে আমি জানতে পারি যে ১০ বছর ধরে এই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হয়নি। তাই ফ্ল্যাটের মালিক অবিলম্বে বাড়িটি খালি করে দিতে চান।
তার কথা, ভাড়া দেওয়া না হলেও, বর্তমানে বাড়িতে বসবাসকারী কাউকে নোটিশ ছাড়া বাড়ি খালি করতে বলা যায় না।জানা গেছে যে, ববিতা দাস ফ্ল্যাটের মালিকের কাছ থেকে দুদিনের সময় চান। তাকে সেই সময়টুকু দিতে হবে যাতে তিনি তার জিনিসপত্র যথাযথভাবে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন।গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে আসে ও পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানায়, গোটা বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে।

