DURGAPUR

দুর্গাপুরে কালবৈশাখীর দাপটে জনজীবন বিপর্যস্ত, ভেঙে পড়লো গাছ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে আচমকাই কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার বিকেলের পর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলের আকাশে ধীরে ধীরে ঘনিয়ে আসে কালো মেঘ। মুহূর্তের মধ্যেই গোটা আকাশ ঢেকে যায় কালো মেঘের চাদরে। এরপর শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। আচমকা এই কালবৈশাখীর তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঝড়ের দাপটে বহু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পাওয়া যায়।

সবচেয়ে বড় ঘটনা ঘটে সিটি সেন্টারের দমকল স্টেশনের পাশে। যেখানে একটি বড় গাছ ঝড়ে উপড়ে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটি চারচাকা গাড়ির উপর। গাছের চাপে গাড়ি দুটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি।ঝড় শুরু হতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

ঝড়-বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে যান চলাচলেও সমস্যা দেখা দেয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। কালবৈশাখীর এই আকস্মিক দাপটে একদিকে যেমন তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে, অন্যদিকে, তেমন ঝড়ের ক্ষয়ক্ষতিও চিন্তা বাড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। প্রশাসনের তরফে বলা হয়েছে, ঝড়ে কোথায় কি ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *