ASANSOLDURGAPUR

পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুন, পাঁচ বছর পরে যাবজ্জীবন স্বামীর দুর্গাপুর আদালতে সাজা ঘোষণা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় পাঁচ বছর পর অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। শুক্রবার এই সাজা ঘোষণা করা হয়েছে বলে এই মামলার সরকারি আইনজীবী বা পিপি শ্রাবণী সরকার জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ২০২১ সালের ৫ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসা থানার আড়া এলাকার একটি আবাসনে ঘটেছিলো । একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার বিপ্লব পারিদা তাঁর স্ত্রী ইপসা প্রিয়দর্শিনীর সঙ্গে ঐ আবাসনে ভাড়া থাকতেন।

বিপ্লবের বাড়ি ওড়িশায় এবং ইপসার বাড়ি কটকে। ২০১৯ সালে দেখাশোনা করে তাঁদের বিয়ে হয়েছিল। কর্মসূত্রে কাঁকসাতেই বসবাস করতেন ঐ দম্পতি। পুলিশের তদন্তে উঠে আসে, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। ঘটনার দিন রাতেও তাঁদের মধ্যে পারিবারিক কারণে বচসা শুরু হয় এবং তা ক্রমশ চরমে উঠে। অভিযোগ, বচসায় রাগের মাথায় পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বিপ্লব।

ঘটনার পর অভিযুক্ত নিজেই মোটরবাইক চালিয়ে কাঁকসা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং অপরাধের কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসার দেহ উদ্ধার করে। পরে পুলিশের তরফে মৃতার বাপের বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়। এই খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও ঘটনায় হতবাক হয়ে পড়েন।

এরপর তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ । দীর্ঘ তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও শুনানির পরে অবশেষে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালতের বিচার।এই প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্রাবণী সরকার বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলা শুরু হয়েছিল।

পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির তিনটি ধারায় মামলা করে। এই মামলায় আদালতে বিচারকের সামনে মোট ২৭ জন সাক্ষী দেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে বিচারক বৃহস্পতিবার অভিযুক্ত বিপ্লব পারিদাকে দোষী সাব্যস্ত করেছিলেন। এদিন অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *