ASANSOLDURGAPUR

উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম দুর্গাপুরের অভিমুন্য সিং, হতে চায় চিকিৎসক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সম্ভাব্য দশম মেধা তালিকায় নবম স্থান অধিকার করে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল দুর্গাপুরের ভিড়িঙ্গি টি এন ইন্সটিটিউটশনের ছাত্র অভিমুন্য সিং। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। দুর্গাপুরের হর্ষবর্ধন এ্যাভিনিউয়ের বাসিন্দা অভিমুন্যর এই সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে স্কুলে।অভিমুন্যর বাবা দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মী। ছোট থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। ভবিষ্যতে একজন বড় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে। অভিমুন্য বলে, আমি একজন চিকিৎসক হতে চাই। তারজন্য নিট পরীক্ষা দিয়েছিলাম।

কিন্তু যে কোন কারণেই হোক সেই পরীক্ষা বাতিল করা হয়েছে। আবার সেই পরীক্ষা নেওয়া হবে। তাই তার জন্য প্রস্তুতি নিচ্ছি। চিকিৎসক হওয়ার কারণ হিসেবে এই কৃতি জানায়, সমাজে এখনো চিকিৎসকের খুবই প্রয়োজন। এত ভালো রেজাল্ট হবে ভাবিনি। আশা ছিলো কিছু একটা হবে। তবে মেধা তালিকায় দশজনের মধ্যে আসবো ভাবিনি। তাই সেই জায়গায় পৌঁছতে পেরে খুব ভালো লাগছে। অভিমুন্য পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপিঠে পড়াশোনা করেছে।

একাদশ শ্রেণিতে সে দুর্গাপুরে টিএন ইন্সটিটিউটশনে ভর্তি হয়।ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত মা মিতালী সিং। তিনি বলেন, রামকৃষ্ণদেব ও মা সারদার আশীর্বাদ ছাড়া এই ফল সম্ভব হতো না। মাধ্যমিকের সময় ভেবেছিলাম আমার ছেলে প্রথম দশের মধ্যে থাকবে, কিন্তু তখন হয়নি। এবার উচ্চমাধ্যমিকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি খুব গর্বিত। তিনি আরো বলেন, ছেলে চিকিৎসক হতে চায়। আমরা তার সঙ্গে আছি ও সব রকম সহযোগিতা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *