দুর্গাপুরে পুজোর আগে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার দুই
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* চুরি হয়ে যাওয়া মোটরবাইক উদ্ধার করলো পুলিশ। নিজের মোটরবাইক ফিরে পেয়ে পুজোর মুখে স্বস্তি পেলেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করলো কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিপুল বিশ্বাস এক আত্মীয়কে আনতে দুর্গাপুর স্টেশনে যান।













সেই সময় তিনি স্টেশন চত্বরে নিজের বাইকটি রেখে গেছিলেন। কাজ সেরে ফিরে এসে দেখেন, বাইকটি আর সেখানে নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইকের সন্ধান না পেয়ে তিনি কোক ওভেন থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে কোক ওভেন থানার পুলিশ।
থানার ওসি অঞ্জন মণ্ডলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা এএসআই সঞ্জয় ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেই দল তদন্তে নেমে তথ্য পেয়ে বুধবার রাতে পুলিশ দেবা চৌহান ও অজয় রাম নামে দুজনকে গ্রেফতার করে। ধৃত দুজনই পানাগড়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁদের কাছ থেকেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

