জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি হামলার ঘটনা, ২১ জন গ্রেফতার, আরও অভিযুক্তের খোঁজে পুলিশ
বেঙ্গল মিরর,আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ২১ জনকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা শুধু রেলপার এলাকার নয়, তাদের মধ্যে পুরনো স্টেশন ও রাঙানিয়া পাড়া এলাকার বাসিন্দারাও রয়েছে।প্রসঙ্গত, শুক্রবার রাতে ধর্মীয় স্থানে মাইকের নির্দেশিকা ঘিরে জাহাঙ্গীর মহল্লা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এরপরই একদল দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সরকারি সম্পত্তিতে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।ঘটনার পরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণ শুরু করে। লাগাতার অভিযানে ইতিমধ্যেই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।














পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও আদালতে জানানো হয়েছে।অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্টের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদায় করার নির্দেশও প্রশাসনকে দেওয়া হয়েছে।

