তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে অন্ডালে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ দুই
*বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ দুজনকে। এই খনি অঞ্চলে এই সিন্ডিকেট ও তোলাবাজির শিকড় কতটা গভীরে এবং এই রামজীবন লোহার ও মুন্না সাউয়ের পেছনে আর কোন বড় মাথার হাত রয়েছে কি না, এখন সেটাই খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ। ধৃতদেরকে সোমবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়।














স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অন্ডাল এবং সংলগ্ন খনি অঞ্চলে সিন্ডিকেট চালানো এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা তোলার অভিযোগ উঠছিল রামজীবন লোহার ও মুন্না সাউয়ের বিরুদ্ধে।জানা গেছে, এই রামজীবন লোহার বহুলা পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান বীর বাহাদুর সিংয়ের ডান হাত বলে পরিচিত ছিল । অভিযোগ, এলাকার যেকোন কোলিয়ারির কয়লা সিন্ডিকেট থেকে ও ডিও র কয়লা ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক মোটা অঙ্কের তোলা আদায় করতো এরা ।
টাকা না দিলে সেখানে কাজ করতে দেওয়া হতো না। কার নির্দেশে এরা এভাবে তোলা আদায় করত তার তদন্ত করে দেখছে পুলিশ। দিনের পর দিন এই জুলুমবাজি সহ্য করার পর, অবশেষে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর হয়। শেষ পর্যন্ত রবিবার রাতে অন্ডাল থানার পুলিশ অভিযান চালিয়ে তৃণমূলের বুথ সভাপতি রামজীবন লোহার ও মুন্না সাউকে গ্রেফতার করে।

