ভ্যাকসিন অমিল, দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ, গেট অবরোধ রোগীর আত্মীয়দের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিড়াল, কুকুর ও সাপের কামড়ের ” অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন বা এআরভি ” না পাওয়ার অভিযোগে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। হাসপাতালের মূল গেট আটকে বিক্ষোভে সামিল হন রোগীর আত্মীয় ও সাধারণ মানুষের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী ভ্যাকসিনের পরবর্তী ডোজ নিতে হাসপাতালে এলেও বহু রোগীকে “ভ্যাকসিন নেই” বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারকে। পাশাপাশি হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।














তাঁদের দাবি, কুকুর বা বিড়ালের কামড়ের পর সময়মতো ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। অথচ হাসপাতালের গাফিলতিতে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়।এই প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাহ ধীমান মন্ডল জানান, ভ্যাকসিন সরবরাহ বর্তমানে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছে। সেই কারণেই সময়মতো সব রোগীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।

