ASANSOL

মেসির জানাঅজানা তথ্য সহ কুইজের প্রশ্নের সম্ভার বার্নপুরে ” লিওনেল এ্যাট লাস্ট ” বইয়ের উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুরের ভারতী ভবনে রবিবার সকালে একটি বইয়ের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে একটি বই লিখেছেন ক্রীড়াবিদ কমলেন্দু মিশ্র। ” লিওনেল এ্যাট লাস্ট ” নামের এই বইটিতে ২০২২ সালে বিশ্ব ফুটবলে মেসির অসাধারণ পারফরম্যান্সের ওপর আলোকপাত করা হয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন সিদ্ধার্থ বসু। আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী অগ্রিমিত্রা পাল এদিনের অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি ফুটবল, বিশেষ করে মেসিকে নিয়ে এমন একটি বই লেখার জন্য কমলেন্দু মিশ্রের প্রশংসা করেন। মন্ত্রী বলেন, মেসি শুধু একজন জনপ্রিয় ফুটবলার শুধু নন, তিনি সারা বিশ্বের লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন। মেসির জীবন অনেক শিক্ষা দেয়। তিনি আর্জেন্টিনার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তবে, তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং শৃঙ্খলার মাধ্যমে তিনি সমগ্র বিশ্বের হৃদস্পন্দন হয়ে উঠেছেন। এটি প্রমাণ করে যে আমরা কোথা থেকে শুরু করেছি তা বড় কথা নয়। বরং আমাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আমরা কতদূর পৌঁছাতে পারি সেটাই আসল।

বইয়ের লেখক কমলেন্দু মিশ্র বলেন, ফুটবলার লিওনেল মেসির যাবতীয় জানা অজানা অনেক কিছু বইয়ে তুলে ধরেছি। ২০২২ বিশ্বকাপ ফুটবলের অনেক তথ্য আছে। বইয়ে কুইজের প্রশ্ন রয়েছে। তিনি আরো বলেন, আমার ২০২২ এর বিশ্বকাপ ফুটবল চারটি খেলা দেখার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে দুটো আর্জেন্টিনার খেলাও ছিলো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সেল আইএসপি ও ডিএসপির ডিআইসি বা ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র, সেল আইএসপির প্রাক্তন এমডি নীলোৎপল রায়, সেল আইএসপির তিন ইডি ইউপি সিং, আরকে সিং ও প্রবীণ কুমার, ডাঃ অশোক রায়, ডঃ গৌতম বন্দোপাধ্যায়, দীপক রুদ্র ও নরেশ আগরওয়াল।

অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি কেন্দ্র ও রাজ্য দুজায়গাতেই এখন ক্ষমতায় রয়েছে। রাজ্যে উন্নয়নের কাজ ত্বরান্বিত করার জন্য একটি ডাবল-ইঞ্জিন সরকার কাজ করছে। রাজ্য সরকারও এই লক্ষ্যেই কাজ করে চলেছে। তিনি আরো বলেন, রাজ্যে যে চারটি স্মার্ট সিটি গড়ার একটি প্রকল্প রয়েছে, তার মধ্যে আসানসোলও রয়েছে।

এ ছাড়াও পার্বত্য অঞ্চলে পাঁচটি নতুন শহর গড়ে তোলা হবে। যেগুলো হিমালয়ান সিটি নামে পরিচিত হবে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। এখন এখানকার উন্নয়ন কেউ থামাতে পারবে না। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ ৫০ বছরের মতো পিছিয়ে গেছো। তা এখন আর হবেনা। এখন বাংলা দ্রুত গতিতে এগোবে। সবক্ষেত্রেই উন্নয়ন হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *