ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে যুবকের রহস্য মৃত্যুতে ধৃত ১, পরিকল্পিত খুন, না মুক্তিপন আদায়ে অপহরণের নাটক, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, বরাকর ( কুলটি) ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার বরাকর স্টেশন রোডের আলুগদ্দির বাসিন্দা গত ৩১ মে থেকে নিখোঁজ থাকা লটারি বিক্রেতা গণেশ বিশ্বকর্মার ছেলে সোনু বিশ্বকর্মার (২৪) মৃতদেহ বুধবার কুলটির পুনুড়ি গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। তার বোন মৃতদেহটি শনাক্ত করেছেন। কুলটি পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুলিশ বরাকর থেকে এক যুবককেও গ্রেফতার করেছে।এদিকে, বুধবার সন্ধ্যায় সোনুর মরদেহ বরাকরে পৌঁছালে, স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে এই প্রতিবাদ জানানো হয়।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( কুলটি) জাভেদ হুসেন, কুলটি থানার ইন্সপেক্টর-ইনচার্জ অশোক সিনহা মহাপাত্র, বরাকর ফাঁড়ির ইন-চার্জ অঞ্জন রজক সহ বিরাট পুলিশ বাহিনী এলাকায় আসে। পুলিশ বিক্ষোভকারী ও মৃত বলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ আধিকারিকরা জানিয়েছে যে মামলাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষোভ চলছে বলে জানা গেছে। এই বিক্ষোভের কারণে বরাকর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এই ঘটনা নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বরাকর স্টেশন রোডের আলুগদ্দি এলাকার বাসিন্দা নিখোঁজ সোনু বিশ্বকর্মার অনেক দেনা ছিল। সোনু সেই দেনা পরিশোধ করা নিয়ে চিন্তিত ছিলো।

দেনা শোধ করার জন্য তিনি এক বন্ধুর সঙ্গে মিলে নাটক সাজায়। এরপর তিনি এক বন্ধুর মাধ্যমে তার বাবাকে ফোন করে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।কিন্তু পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।আরো জানা গেছে, মুক্তিপণের টাকার ভাগ নিয়ে সোনু ও তার সঙ্গীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় কে বেশি টাকা পাবে তা নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এর ফলে সোনুকে খুন করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুলটি পুলিশ বরাকর থেকে রনি ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এই টাকার ঘটনায় আরো কয়েকজন গ্রেফতার করা হতে পারে।পরিবারের সদস্যরা অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করছেন।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার বলেন , এটি একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা।এই ঘটনায় আমি যুবকের পরিবারের পাশে আছি। তিনি বলেন , এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। বিজেপি সরকার এই ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করবে না। তিনি আরো বলেন, আমি এই ঘটনার তদন্ত করা নিয়ে আসানসোল দুর্গাপুরে পুলিশ কমিশনার বা সিপি-র সঙ্গে কথা বলব। যত তাড়াতাড়ি সম্ভব ঘটনা তদন্ত করে সত্য বার করার জন্য বলব।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *