ASANSOLKULTI-BARAKAR

নতুন সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন কুলটির বিভিন্ন সমস্যা সমাধানে আসানসোলে ডিএম অফিসে স্মারকলিপি কংগ্রেসের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে সরকার পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস। বৃহস্পতিবার কুলটি বিধানসভার একাধিক সমস্যা ও দাবি নিয়ে আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া কুলটি ব্লক কংগ্রেসের তরফে।এই প্রসঙ্গে সুকান্ত দাস বলেন, বিরোধী অবস্থায় বর্তমান সরকারী বা শাসক দল যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিভিন্ন সরকারি প্রকল্পের নিয়ম ও শর্ত নিয়ে বারবার অবস্থান পরিবর্তনের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।তিনি অভিযোগ করেন, কুলটিতে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সরকার পরিবর্তনের পরও এলাকার বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বহু ওয়ার্ডে কাউন্সিলরদের দেখা মিলছে না।

ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন নথিপত্রে কাউন্সিলরের স্বাক্ষর না পাওয়ায় ছাত্র-যুবদের কাজ আটকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।পানীয়জলের সমস্যা নিয়ে সুকান্ত দাস বলেন, কংগ্রেস আমলে অনুমোদিত ১৩৩ কোটি টাকার জল প্রকল্পের অনুমোদিত হলেও সেই টাকা ফেরত চলে যায়। তার পর এই প্রকল্পের জন্য ২৩৩ কোটি টাকা বরাদ্দ হলেও বহু এলাকায় এখনও পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে সাধারণ মানুষের দীর্ঘদিনের জলকষ্ট দূর করার দাবি জানান তিনি।

সাম্প্রতিক সময়ে কুলটি এলাকায় একাধিক খুন, নিখোঁজ এবং মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনিক নজরদারি বাড়ানো, আরও সিসিটিভি ক্যামেরা বসানো এবং পুলিশি টহল জোরদার করার দাবি জানান তিনি।এছাড়াও অসম্পূর্ণ নিয়ামতপুর থেকে ডিসেরগড় পর্যন্ত রাস্তা নির্মাণ দ্রুত শেষ করা, দিনের বেলায় ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনা, বিভিন্ন সরকারি তালিকা থেকে বাদ পড়া মানুষের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা এবং উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে গরীব মানুষের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের দাবিও তোলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।এদিন কুলটি বিধানসভার সার্বিক উন্নয়ন, পানীয় জল, আইনশৃঙ্খলা ও নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *